ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মধুবাগে চোলাই মদের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ শনিবার তিন জনের লাশ উদ্ধার করতে পারলেও একজনের দাফন হয়ে যাওয়ায় তার মৃতদেহ পায়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে মগবাজারের মধুবাগ এলাকার দুইটি বাসা থেকে দুইজনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।
দৌলত আকবর জানান, আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার রাতে মধুবাগের কয়েকজন কাওরান বাজার থেকে চোলাই মদ কিনে এক বাসায় পান করে যে যার ঘরে ফিরে যায়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে জিন্না এবং ডাবলু নামে দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া বিল্লাল নামে আরো একজনকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে এই তিনজনই মারা যায়। ক্লিনিক থেকে জিন্না এবং ডাবলুর লাশ বাসায় নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় শনিবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ দুইটি পরীক্ষার জন্য মর্গে নিয়ে যায়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া বিল্লালের লাশ আত্মীয়স্বজন নিতে না পারায় পুলিশ সেখানেই জব্দ করে।
দৌলত আকবর জানান, এই ঘটনায় একই এলাকার আরো একজনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার তাকে দাফন করা হয়েছে। এব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পরে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, চল্লিশের কোঠার ওই মদ্যপায়ীরা কেউ ঠিকাদার কেউ গাড়ি ব্যবসায়ি ছিলেন।
ডাবলুর ছোট ভাই সেলিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে মদপানের পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানালেও জিন্নার ভগ্নিপতি মাহবুবুল আলম বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৬৫৮ঘ.
bdnews24