ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে জ্বালানি সঙ্কটই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আর এ সংক্রান্ত কাজের একটা বড় অংশই হবে বেসরকারি খাতে।
আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শুক্রবার রাতে এক টিভি চ্যানেলে একথা বলেন।
সালমান বলেন, "আমাদের নেত্রী ইতিমধ্যেই কর্মসূচি ও অগ্রাধিকার স্থির করেছেন।"
"প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, সৌর ও বায়ুভিত্তিক ধরণের বিকল্প শক্তি উৎপাদন প্রকল্প ও একে এগিয়ে নেওয়ার উদ্যোগে সম্ভাব্য সর্বোচ্চ প্রণোদনা দেওয়া হবে।"
বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট বাংলাদেশে মারাত্মক প্রভাব ফেলবে কোনো কোনো মহলের এ ধারণাকে উড়িয়ে দেন বাংলাদেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী বেক্সিমকোর কর্ণধার ।"এই সঙ্কট মূলতঃ অতিরিক্ত ঋণ দেওয়া নিয়ে। কিন্তু আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সঙ্গে আমাদের সংযোগ কমই।"
১৯৯০ এর দশকে এফবিসিসিআই এর সভাপতি পদে থাকা সালমান বলেন, পাশ্চাত্যের মন্দা বাংলাদেশকেও আক্রান্ত করবে এ আশঙ্কা অতিরঞ্জিত। প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সেও এটি তেমন প্রভাব ফেলবে না।
ওষুধ উৎপাদনকারীদের সংগঠনের সাবেক সভাপতি বলেন, এখন যে তিন বিলিয়ন ধারণা করা হচ্ছে, ওষুধ রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি আয় করা সম্ভব।
১১ বিলিয়ন ডলার আয় করা গার্মেন্টস খাতকেও ছাড়িয়ে যেতে পারে এটি, বললেন সালমান।
এক প্রশ্নের জবাবে এ শিল্পপতি বলেন, রাজনীতিতে নামলে বিভিন্ন আগ্রহের মধ্যে সংঘর্ষ হবে বলে এখন তার ধারণা। এ কারণেই ২৯ ডিসেম্বরের নির্বাচনে দাঁড়াননি।
"রাজনীতি ও ব্যবসা একসাথে চলতে পারে না", বলেন একদা অল্পদিনের জন্য সক্রিয় রাজনীতিতে নামা এ শীর্ষ ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিভি/বিডি/এসকে/০১৪৭ঘ.
bdnews24