ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের অপসারণের দাবিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা চলছে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে চতুর্থবারের মতো জরুরি এ বর্ধিত সভা শুরু হয়।
সংগঠনের সভাপতি ঢাকার জেলা জজ মো: আব্দুল গফুর এতে সভাপতিত্ব করছেন।
সভায় বক্তারা জানান, হাইকোর্ট হাবিবুল আউয়ালকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে অবৈধ ঘোষণা করে রায় দেয়। কিন্তু তারপরও তিনি সচিব পদে বহাল থেকে বিচারকদের 'বিরুদ্ধে' বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। এজন্য বিচার বিভাগের স্বাধীনতার কোন সুফল পাচ্ছেন না বিচারপ্রার্থীসহ অন্য সবাই।
আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগের সভাগুলোতে বিচারকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বেতন বৃদ্ধি ও স্থায়ী পে কমিশন গঠণ। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলোতে নজর দেননি। তাই আজ (শুক্রবার ) এ সভায় একটিমাত্র বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি হল বেআইনী আইনসচিবের অপসারণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৬০৮ ঘ.
bdnews24