ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কে যান্ত্রিক গোলযোগের কারণে বৃহস্পতিবার প্রায় ৬০ ফুট উঁচুতে একটি রাইডে দেড় ঘণ্টা আটকা পড়ে দুই শিশু। পরে দমকলকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।
দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পিউফল (চড়কা) নামে একটি খেলনায় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে রাজিব (৬) ও আজমাল(৮) নামে দুই সহোদর প্রায় ৬০ ফুট উঁচুতে আটকে পড়ে। প্রায় দেড় ঘন্টা আটকে থাকার পর দমকল কর্মীরা অক্ষত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গুলশান-২ নাম্বারের বাসিন্দা সুমাইয়া আক্তার তার দুই ছেলেকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে যান। তিনি বিকেল পৌনে ৫ টার দিকে দুই ছেলেকে পিউফল (চড়কা) নামে একটি রাইডে চড়ান।
খেলনাটি চক্রাকারে একবার ঘুরে আসার পর যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ হয়ে যায়। এ সময় এ খেলনায় প্রায় ১৫/২০ টি শিশু ছিল।
খেলনাটি আটকে যাওয়ার পরে বাকি সব শিশুদের উদ্ধার করা হলেও ওই দুই শিশু প্রায় ৬০ ফুট উঁচুতে আটকে পড়ে।
ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে শিশু দু'টিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু দু'টিকে উদ্ধার করে।
খেলনাটিতে আটকে থাকা অবস্থায় শিশু দুটি ভয় পেলেও উদ্ধারের পর তারা সুস্থ এবং স্বাভাবিক ছিল বলে আতাইর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/জিএনএ/০০১৭ ঘ.
bdnews24