২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯ ভাগ এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের ৯৯ ভাগ এলাকায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৯৯ ভাগ এলাকায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সোহেল তাজ বলেন, "৯৯ ভাগ এলাকায়ই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। যেসব এলাকায় গোলযোগের খবর পাওয়া গেছে সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।" নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। সোহেল তাজ আরও বলেন, " আমরা বলেছি আইনের ঊর্ধ্বে কেউ নয়, যারাই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংস্থাপন সচিব এ এফ এম আলী কবির, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম ছাড়াও স্বাস্থ্য, পূর্ত ও নৌ পরিবহন মন্ত্রণালয়,সশস্ত্র বাহিনী বিভাগ ও ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে সহিংসতার বিষয়ে র‌্যাবের মহা পরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের মাত্র তিনটি উপজেলায় কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।" এ ব্যাপারে পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ কোন মন্তব্য করেননি। সভায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ অনুষ্ঠান এবং ওইদিনের ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রদর্শনীর বিষয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়- এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রতি বছরের ১৫টির পরিবর্তে ২৪টি কন্টিনজেন্ট অংশ নেবে। গোটা অনুষ্ঠানস্থল জাতীয় পতাকা, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি দিয়ে সাজানো হবে। অনুষ্ঠান বড় স্ক্রিনের মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাতে দেখানো এবং নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ সেল গঠনেরও সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮৩৭ঘ.