নেত্রকোনা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় নির্বাচনী কাজে বাধাদানের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশ্বকাকুনীকোনা এলাকায় বুধবার জাহিদ হাসান (২৬) নামে একজনকে দু'বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বিশকাকুনীকোনা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. সোয়াব নাহিয়ান বিকেল ৫টার দিকে নির্বাচনী উপকরণ নিয়ে ভোট কেন্দ্রের প্রাথমিক কার্যক্রম শুরু করেন।
এ সময় ওই গ্রামের জাহিদ হাসান ওখানে এসে প্রিসাইডিং কর্মকর্তাকে বলেন 'আমার এলাকায় এসেছ আমার কথা অনুযায়ী কাজ করতে হবে'।এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঠিক ওই সময় একটি ভ্রাম্যামাণ আদালত ওখানে এসে পড়ে।
আদালতের বিচারক গোলাম কিবরিয়া তখন পুলিশ দিয়ে জাহিদ হাসানকে আটক করে তাৎক্ষণিক বিচার করেন। রায় শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৯ ঘ.
bdnews24