২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তারে অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারকে গ্রেপ্তারের জন্য প্রায় চার ঘণ্টা অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঝিনাইদহ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারকে গ্রেপ্তারের জন্য প্রায় চার ঘণ্টা অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামে আনারের বাড়িতে এ অভিযান চলে। ঝিনাইদহ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনারের বিরুদ্ধে ১১টি ফৌজদারি মামলা আছে। এর মধ্যে ১০টিতে তিনি জামিনে আছেন। চুয়াডাঙ্গার দর্শনার সাইফুল ইসলাম হত্যা মামলায় গত ১১ জানুয়ারি চুয়াডাঙ্গার প্রধান বিচারিক হাকিম আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। "এ পরোয়ানা বলে তার গ্রামের বাড়িতে গ্রেপ্তার অভিযান চালানো হয়," তিনি বলেন। তিনি জানান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০০৬ সালে ইন্টারপোলের সন্ত্রাসী তালিকায় তার নাম ওঠে। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। চেয়ারম্যান প্রার্থী আনার দীর্ঘদিন পলাতক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে কালীগঞ্জে প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.