২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত প্রকল্প দ্রুত শেষ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

গত ছয় মাসে ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র নয় দশমিক ৫৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে। মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের মধ্যে একটি বড় প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন না পাওয়াই এডিপি বাস্তবায়নের এ অবস্থার জন্য দায়ী বলে মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় উল্লেখ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গত ছয় মাসে ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র নয় দশমিক ৫৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে। মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের মধ্যে একটি বড় প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন না পাওয়াই এডিপি বাস্তবায়নের এ অবস্থার জন্য দায়ী বলে মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় উল্লেখ করা হয়। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী রেজাউল করিম হীরা। ভূমিমন্ত্রী সভায় অনুমোদিত প্রকল্প পাঁচটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি ব্যবস্থাপনায় পুরোনো প্রযুক্তির বদলে সবক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করার জন্যও আহ্বান জানান তিনি। মন্ত্রী সিডিএসপি-৩ প্রকল্পের আওতায় জেলাওয়ারী খাস জমির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এই প্রকল্পের আওতায় ৯ হাজার ৫০০ ভূমিহীন পরিবারের মধ্যে ১৪ হাজার ৮শ একর খাস জমি বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি প্রচলিত বিধান অনুযায়ী উপযুক্ত প্রকৌশলী নিয়োগ, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় জানানো হয়, রাজস্ব বাজেটের আওতায় ভূমি মন্ত্রণালয় 'কম্পিউটারাইজেশন অব ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএলএমএস) অব ঢাকা ডিস্ট্রিক্ট' শীর্ষক কর্মসূচি ও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের 'প্রিজারভেশন অব ইন্টারন্যাশনাল বাউন্ডারি স্ট্রিপ ম্যাপস অ্যান্ড মৌজা ম্যাপস বাই স্ক্যানিং/ডিজিটাইজেশন' শীর্ষক দুটি কর্মসূচি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ দুটি কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার ৫টি উপজেলা ভূমি অফিসের সামগ্রিক রাজস্ব কার্যক্রমের কম্পিউটারায়ন এবং ঢাকা মহানগরীর বাউন্ডারি স্ট্রিপ ১৯১টি মৌজার ৪০৯১টি মৌজা ম্যাপ ও ৪ লাখ ১৯ হাজার ১শ'৭৭টি খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে মুদ্রণ, স্ক্যানিং ও ওয়েবসাইটে তোলার কাজ। ২০০৯ সালের মধ্যে এসব কাজ সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৮০৭ঘ.