২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কিলার' সোহেল ৪ দিনের পুলিশ রিমান্ডে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই পুলিশ কর্মী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 'কিলার' সোহেলকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই পুলিশ কর্মী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 'কিলার' সোহেলকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম শামীমা পারভীন রিমান্ড আদেশ দেন। সোহেলকে মাত্র গত সোমবারই ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের শার্শায় গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। সিআইডি'র পরিদর্শক শ্যামল চৌধুরী সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৭ দিন রিমান্ড চেয়েছিলেন। পুলিশ হত্যাসহ প্রায় এক ডজন মামলার আসামি কিলার সোহেলের নামে হত্যা, অস্ত্র মামলা থাকা সত্ত্বেও কেন ৫৪ ধারায় রিমান্ড চাওয়া হয়েছে তার উত্তরে শ্যামল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআইডি'র হাতে কোন মামলারই কাগজপত্র নেই। যদিও আমরা জানি তার নামে অনেকগুলো মামলা রয়েছে।" পুলিশের উপসহকারী পরিদর্শক আমিনুল এবং হাবিলদার লিয়াকত হত্যা মামলায় গত ২০০৬ সালের ২৮ এপ্রিল কিলার সোহেলের মৃত্যুদণ্ড হয়। রিমান্ড আবেদন শুনানিকালে কাঠগঠায় দাঁড়ানো সোহেলের কোন আইনজীবী না থাকায় হাকিম রিমান্ডের ব্যাপারে তার কোন বক্তব্য আছে কিনা জানতে চান। সোহেল বলেন, 'আমার বিরুদ্ধে এত সব মামলা রয়েছে আমি জানি না। আমি একটু অসুস্থ।' সোহেলের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলায় বলা হয়, ২০০৪ সালের ২৫ জুন তৎকালীন ছাত্রদল নেতা তানজিলের নেতৃত্বে মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জে ডাকাতি করতে গিয়ে পুলিশের বাধার মুখে তারা গুলি ছোড়ে। এতে আমিনুল ও লিয়াকত নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/০০০৩ঘ.