বরিশাল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন বিভাগের পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
ঘটনার পর ইনস্টিটিউটের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজন শিক্ষার্থী ও পলিটেননিক শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন বিভাগের ফল প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে গেছে। কিন্তু এখনও ১৪৭ জন শিক্ষার্থীর ফল অপ্রকাশিত থাকায় গত কয়েক দিন ধরে ক্যাম্পাস উত্তপ্ত ছিল। এ ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকাল থেকে ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে।
এক পর্যায়ে তারা কম্পিউটার ভবন, একাডেমিক ভবনসহ কয়েকটি কক্ষের দরজা-জানালার কাচ ভাঙচুর করে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র লিকো এবং ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিছু সময় তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।
কোতয়ালী থানার উপ পরিদর্শক শিশির কুমার পাল জানান, ভাঙ্গচুরের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন কাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "১৪৭ জন নয়, ৮৪ জনের ফলাফল অপ্রকাশিত আছে।"
ফলাফল প্রকাশ না করার জন্য তিনি কারিগরি শিক্ষা বোর্ডকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24