ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
এর মধ্যে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর এলাকায় নগরবাড়ী-বগুড়া সড়কে যান্ত্রিক যান নসিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে মশিপুর এলাকায় নসিমনের সঙ্গে মাটিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনযাত্রী দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
এরা হলেন- শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের গোবিন্দ হালদার (৫৫) এবং শেরখালী গ্রামের দিদার আলী (৪৮)।
দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়। নিহতদের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তোজাম্মেল হোসেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-পিরোজপুর সড়কে এক বৃদ্ধ পথচারী মোটর সাইকেলের ধাক্কায় নিহত হন। সোমবার সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান শেখ (৭০) বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মঙ্গলবার দুপুরে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর এলাকায় সুলতান নামে এক বৃদ্ধ পথচারী রাস্তা পারাপারের সময় পিরোজপুরগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তিনি বাগেরহাট থেকে বাড়ি ফিরছিলেন।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন জানান, নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24