২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চান পাঁচ সাংসদ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের পাঁচ সাংসদ। তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে রাষ্ট্রীয় বরাদ্দের ব্যাপারে তারা সংসদে দাবি তুলবেন। দীর্ঘ দিনের বঞ্চিত অবহেলিত এ অঞ্চলের অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করে বলেন- উন্নয়নের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। কোন প্রকার বৈষম্য হতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

খুলনা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের পাঁচ সাংসদ। তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে রাষ্ট্রীয় বরাদ্দের ব্যাপারে তারা সংসদে দাবি তুলবেন। দীর্ঘ দিনের বঞ্চিত অবহেলিত এ অঞ্চলের অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করে বলেন- উন্নয়নের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। কোন প্রকার বৈষম্য হতে দেওয়া হবে না। সোমবার খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে খুলনা থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের চারজন এবং বিরোধীদল বিএনপির একজন সাংসদ এ অঙ্গীকার করেন। সংবর্ধিত আওয়ামী লীগ ও বিএনপির সাংসদরা হলেন যথাক্রমে- খুলনা-১ আসনের ননী গোপাল মণ্ডল, খুলনা-৪ আসনের মোল্লা জালাল উদ্দিন, খুলনা-৫ আসনের নারায়ণ চন্দ্র, খুলনা-৬ আসনের সোহরাব আলী সানা এবং খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু। তারা বলেন, মংলা বন্দরকে সচল, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, বন্ধ কল কারখানা চালু, জলাবদ্ধতা দূরীকরণ, নোনা পানিতে চিংড়ি চাষ বন্ধ, পরিবেশগত বিপর্যয় রোধ, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। রাজনীতির গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। খুলনা প্রেসক্লাবের সভাপতি এ কে হিরুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহম্মেদ, দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মেদ, যুগান্তরের ব্যুরো চিফ মকবুল হোসেন মিন্টু, মানবজমিনের ব্যুরো চিফ রাশিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ, সমকালের ব্যুরো চিফ মামুন রেজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.