ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানউল্লাহ মোহাম্মদ আসাদের মৃত্যু দিবস মঙ্গলবার। প্রতি বছর দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানের সময় আসাদ ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আসাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, গান, নাটক, আবৃত্তি ইত্যাদি।
আসাদ স্মরণে গণ-সংস্কৃতি ফ্রন্ট ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সড়ক দ্বীপে ২০ থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত কর্মসূচির আয়োজন করছে। এর উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ আলাদা আলাদা বাণী দিয়েছে।
বিএনপির চেয়ারপরন খালেদা জিয়া তার বাণীতে বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অবিস্মরণীয় নাম। ৬৯-এর গণ আন্দোলনের মহান শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।"
তিনি গণতন্ত্র সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও পৃথক বাণী দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৪৩ঘ.
bdnews24