চট্টগ্রাম, জাুনয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর পাহাড়তলীতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ের পরিবহন দপ্তরে দুই দফায় বেশ কিছু পুরনো কাগজপত্র চুরি হয়েছে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার রাতের কোন এক সময় এক দফা এবং রোববার রাতে আরেক দফা চুরির ঘটনা ঘটে। চোরেরা পরিবহন দপ্তরের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের দোতলায় অবস্থিত স্টোর রুমের জানালা ভেঙে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত পুরনো কাগজপত্র ও তালিকা বই (রেজিস্টার) নিয়ে গেছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
তবে এ ঘটনার সঙ্গে ঢাকায় রেলভবনের কক্ষ তছনছের কোন যোগসূত্র নেই বলে দাবি করেছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাসুদুল আরেফিন।
তিনি জানান, এ বিষয়ে সহকারী পরিবহন কর্মকর্তা ওমর ফারুককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
রোববার রাতে রাজধানীতে রেলওয়ে ভবনে ঢুকে কে বা কারা অন্তত ৫৬টি কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় ভবনটির সাত নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাসুদুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি স্রেফ চুরির ঘটনা। কার্যালয়ের অন্য কোন জিনিসপত্র কিংবা আর্থিক হিসাব সংশ্লিষ্ট কোন নথি চুরি হয়নি।"
তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরেরা বিক্রির জন্য পুরনো কাগজ চুরি করতেই সেখানে ঢুকেছিল। সোমবার ভবনের কাছের একটি দোকান থেকে একটি পুরনো টাইমটেবল বই ও কিছু পুরনো কাগজপত্র উদ্ধারও করা হয়েছে।"
চট্টগ্রাম রেলওয়ের উপ-পরিচালক (জনসংযোগ) শফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোরেরা শুধুমাত্র পুরনো কাগজপত্র নিয়ে গেছে। কোন মূল্যবান জিনিসপত্র বা নথি খোয়া যায়নি। ঢাকার মতো ভাঙচুর বা তছনছের ঘটনাও ঘটেনি।"
খুলশী থানার উপ-পরিদর্শক ইসমাঈল হোসেন বলেন, "রেলওয়ের পাহাড়তলী পরিবহন কার্যালয়ে শুক্র ও শনিবার রাতের মধ্যে এক দফা এবং রোববার রাতে আরেক দফা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে।
তিনি জানান, চোরেরা এ কার্যালয়ের জানালার কাচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পুরনো কাগজপত্র ও তালিকা বই (রেজিস্টার) নিয়ে গেছে বলে কর্মকর্তারা অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24