বগুড়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তদের হামলায় আহত বগুড়া কাহালু উপজেলার চেয়ারম্যান প্রার্থী (চেয়ার প্রতীক) আবু জাফর মো. খলিলুর রহমান সোমবার দুপুরে মারা গেছেন।
দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান বলে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মো: জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি গভীর রাতে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকন্তা এলাকায় দুর্বৃত্তরা তাকে গাছের সঙ্গে বেধে মারধর ও ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
খলিলের বাড়ি উপজেলার পাইকড় গ্রামে। তিনি পাইকড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা।
এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৫৭ ঘ.
bdnews24