২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় ট্রলার ডুবে ২৫ শ্রমিক নিখোঁজ

চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে রোববার গভীররাতে এক দুর্ঘটনায় একটি ট্রলার ডুবে ২৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার নিখোঁজ ২৫ শ্রমিক ও ট্রলাটির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের আশঙ্কা, নিখোঁজদের পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চাঁদপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে রোববার গভীররাতে এক দুর্ঘটনায় একটি ট্রলার ডুবে ২৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার নিখোঁজ ২৫ শ্রমিক ও ট্রলাটির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের আশঙ্কা, নিখোঁজদের পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "রোববার দিবাগত রাত ৩টার দিকে মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী দিয়ে ৫০ জন শ্রমিক নিয়ে সাব্বির-১ নামের একটি মাটির ট্রলার চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল।" তিনি বলেন, "ট্রলারটি দশানী লঞ্চঘাট এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।" ওসি সালাহউদ্দিন বলেন, "এ সময় ট্রলারে থাকা ৫০ জন শ্রমিকের মধ্যে ২৫ জন সাঁতরে জীবন বাঁচাতে সক্ষম হয়। দুর্ঘটনার সময় অপর ২৫ শ্রমিক ট্রলারের কেবিনে ঘুমিয়ে ছিল এবং তাদের সন্ধান পাওয়া যায়নি।" তিনি বলেন, "এসব শ্রমিকের অধিকাংশেরই বাড়ি পাবনায়। যে ২৫ শ্রমিক সাঁতরে তীরে উঠেছে তাদের কয়েকজন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে রয়েছে এবং অন্যরা চলে গেছে।" রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার অভিযান এখনও চলছে। তবে কোন লাশ পাওয়া যায়নি। নিমজ্জিত ট্রলারের সন্ধান মেলেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/এমএসবি/২১৪৩ ঘ.