জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরে সাংসদ কর্নেল (অবসরপ্রাপ্ত) শওকত আলীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।
অন্যদিকে সাতক্ষীরায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারে এক সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানকে ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ-
শরীয়তপুর: নড়িয়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর বিরুদ্ধে।
নড়িয়া উপজেলা আ'লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আ. ওহাব বেপারী সাংবাদিকদের জানান, কর্নেল শওকত শিলংকর, ভোজেশ্বর ও বিঝারী এলাকায় তার শ্যালক মাস্টার দিদারুল ইসলামের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন।
সাবেক উপজেলা আ'লীগ সভাপতি এনাম হোসেন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নড়িয়া আ'লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীরা উপজেলা আ'লীগ সভাপতি আ. ওহাব বেপারীকে দলীয়ভাবে চাইলেও কর্নেল শওকত তার শ্যালক দিদারকে 'দলীয় সমর্থন' দিয়ে নিজে তার পক্ষে ভোট চাচ্ছেন।"
এ ব্যাপারে সাংসদ শওকত আলী সাংবাদিকদের কাছে বলেন, "মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে বাধা থাকলেও এমপিদের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই।"
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বপন কুমার বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমপি সাহেব এভাবে গণসংযোগে নেমে ভাল করেননি। আমরা বিষয়টি সম্পর্কে তাকে বলব।"
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গনির বিরুদ্ধে সন্ত্রাসী মাঠে নামানোর অভিযোগ করেছেন।
রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে অ্যাডভোকেট গোলাম মোস্তফা কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক নির্বাচনী বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনির পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেন।
জেলার তালিকাভূক্ত 'শীর্ষ সন্ত্রাসী' আসাদুল হক এলাকায় ত্রাস সৃষ্টি করছেন অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24