ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উপজেলা নির্বাচন উপলক্ষে ২০ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে ২১ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট এলাকায় যান্ত্রিক যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৈধ পরিচয়পত্রধারী জরুরি কাজে নিয়োজিতদের ক্ষেত্রে ও বিশেষ অনুমতি সাপেক্ষে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। তবে মহাসড়কে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
রোববার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা:
বিবরণীতে বলা হয়, ২০ জানুয়ারি মধ্যরাত (রাত ১২টা) থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনও সভা-সমাবেশ, মিছিল করা যাবে না বা তাতে যোগদানও করা যাবে না। ভোটগ্রহণ শুরু হওয়ার পরবর্তী ৬৪ ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
২১ জানুয়ারি মধ্যরাত (রাত ১২টা) থেকে ২২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকল প্রকার ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি, অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও যান্ত্রিক ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলা এলাকায় ২০ জানুয়ারি মধ্যরাত থেকে ২৪ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য:
বৈধ পরিচয়পত্রধারী দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, দমকল, পানি, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
রিটার্নিং কর্মকর্র্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
এছাড়া মহাসড়কে যানবাহন চলবে। বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনেও এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৪০ঘ.
bdnews24