সাভার, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের জিরাব এলাকার একটি কারখানার প্রহরীকে হত্যা করা হয়েছে। চণ্ডি মিত্র (৪০) নামের ওই প্রহরীর লাশ রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৩৮) নামে ওই কারখানার আরেকজন প্রহরীকে আটক করা হয়েছে।
নিহত চণ্ডি মিত্র যশোরের চৌগাছা উপজেলার জামিরা গ্রামের গোবিন্দ দুলাল মিত্রের ছেলে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চীনা নাগরিকের মালিকাধীন হোন্দা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রহরী চণ্ডি মিত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকালে কারখানা থেকে প্রায় দু'শ গজ দূরে তার লাশ পাওয়া যায়।
ইলিয়াছ বলেন, "এ হত্যাকাণ্ডটি রহস্যজনক, কারণ যেখানে লাশ পড়েছিল সেখানে রক্ত কিংবা হত্যার কোনো আলামতই নেই। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ ওখানে ফেলে রাখা হয়।"
তিনি জানান, জিজ্ঞাসাবাদে নুর আলম বলেছেন, রোববার ভোরে দায়িত্ব পালন শেষে বাসায় গিয়ে ভাত রান্না করবেন বলে চণ্ডি মিত্র কারখানা থেকে বের হয়ে যান। তার পর তিনি আর কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24