২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে কঠোর ব্যবস্থা

সার পাচার রোধে ভারতের সঙ্গে সাতক্ষীরার ২২৮ কিলোমিটার সীমান্তে টহল জোরদারসহ কঠোর ব্যবস্থা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার পাচার রোধে ভারতের সঙ্গে সাতক্ষীরার ২২৮ কিলোমিটার সীমান্তে টহল জোরদারসহ কঠোর ব্যবস্থা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। একইসঙ্গে বিডিআরের জনবলও বাড়ানো হয়েছে। সার পাচার রোধে ব্যাপক গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিডিআরের উদ্যোগে সীমান্তের বিভিন্ন এলাকায় সমাবেশ হচ্ছে। জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের নিয়ে সার পাচার প্রতিরোধ কমিটি করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন বিডিআর কর্মকর্তারা। ৭ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান জানান, তাদের আওতাধীন জেলার কৈখালী এলাকা থেকে শুরু করে দেবহাটা পর্যন্ত এবং ৪১ ব্যাটেলিয়নের আওতাধীন গোগা থেকে শুরু করে দেবহাটা সীমান্ত পর্যন্ত ৩২টি সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিডিআর সদস্যরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছেন। জল ও স্থল সীমান্ত মিলিয়ে ২২৮ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদার ছাড়াও দিনে ও রাতে বিডিআরের নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং গুরুত্বপূর্ণ এলাকায় জনসচেতনতা বাড়ার জন্য সমাবেশ করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস বলেন, "সারের মূল্য হ্রাসের সুবিধা যাতে কৃষকরা পায় সেজন্য পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, বিভিন্ন স্থানে করা সার পাচার প্রতিরোধ কমিটিতে সার ব্যবসায়ীদেরও রাখা হয়েছে। যাতে কোন ব্যক্তি কোনভাবেই ভারতে সার পাচার করতে না পারে সেজন্য পাড়ায় পাড়ায় গ্রামবাসীও নজরদারি করছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.