ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন খতিবকে নিয়ে আবার জুতোজুতি হয়েছে বায়তুল মোকাররমে। খতিবের বিরোধিতাকারীদের পরে পিটিয়ে মসজিদ থেকে বের করেছে মুসল্লীরা।
শুক্রবার দুপুর পৌনে একটার দিকে নতুন খতিব সালাউদ্দিন আহমেদ খুতবা পড়াতে শুরু করলে এক দল মুসল্লী উঠে প্রতিবাদ শুরু করেন। তারা ইমামকে লক্ষ্য করে জুতা ছুড়তে শুরু করেন। এক পর্যায়ে আরেক দল মুসল্লী তাদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ও জুতোজুতি।
এরপর বিক্ষোভকারীদের মারতে মারতে মসজিদ থেকে বের করে দেয়া হয়। মসজিদের ভেতরে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এলে নতুন খতিব নামাজ পড়ানো শুরু করেন।
এর আগে নতুন খতিব খুতবা পড়াতে শুরু করার আগে ভারপ্রাপ্ত খতিব নুরুদ্দিন খান তাকে পরিচয় করিয়ে ঘোষণা দেন, এখন থেকে মসজিদে নতুন খতিবের নেতৃত্বেই নামাজ হবে।
মসজিদ থেকে বের করে দেয়ার পরে বিক্ষোভকারীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়ে রাস্তার ওপরে হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহর ইমামতিতে নামাজ পড়েন। নামাজের খুতবায় মুফতি আবদুল্লাহ দাবি করেন, নতুন খতিবের পিছনে নামাজ হবে না। নামাজ শেষে তারা নতুন খতিবের অপসারণ দাবি করে জুতা নিয়ে বিক্ষোভ মিছিলও করেন।
বর্তমান খতিবের পক্ষের একজন মোশতাক আহমেদ বলেন, "আমি একজন সাধারণ মুসল্লী। মসজিদের ভিতরে বিশৃঙ্খলা হওয়ায় গণ্ডগোল সৃষ্টিকারীদের বের করে দেয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এসি/এসআইটি১৫৪২ ঘ.
bdnews24