ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রবাসে বাংলাদেশী শ্রমিকদের সংগঠিত করতে 'বাংলাদেশী শ্রমিক কল্যাণ সংস্থা' গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ বাংলাদেশী শ্রমিক অধ্যুষিত সাতটি দেশে এ সংস্থা গঠন করা হবে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "বাংলাদেশী শ্রমিকদের জন্য সরকারি তহবিল থাকলেও কোনো কল্যাণ সংস্থা নেই। তাই প্রাথমিকভাবে বাংলাদেশী শ্রমিক অধ্যুষিত সাতটি দেশে সরকার শ্রমিক কল্যাণ সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে তা সব দেশে করা হবে। এক্ষেত্রে আইএলও বাংলাদেশকে সহায়তা দেবে।"
এর আগে ঢাকায় নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আবাসিক পরিচালক পান্নুদা বোনপালা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, "বাংলাদেশী শ্রমিকরা বিশ্বের অনেক দেশেই কাজ করলেও আমাদের প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্য। সেখানে বাংলাদেশের যেসব শ্রমিক যাচ্ছে তার অধিকাংশই অদক্ষ। ফলে তারা সেখানে ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা পাচ্ছে না।"
আইএলও'র প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী জানান, আইএলও আবাসিক পরিচালক বাংলাদেশে দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম এবং বিদেশে কর্মরত শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে সরকারকে সহায়তা করারও আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২৩৪০ঘ.
bdnews24