ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরের ব্যাংক হিসেব জব্দ করার মামলার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
দুর্নীতিবিরোধী আইন প্রয়োগের অংশ হিসেবেই অসদুপায়ে অর্জিত বলে সন্দেহভাজন অর্থের এই ব্যাংক হিসাবটি জব্দের আবেদন করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণির সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে এফ মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের আদালতে এ সংক্রান্ত মামলার পর বিএনপি ওই অভিযোগকে বানোয়াট এবং খালেদা জিয়ার পরিবারকে হেয় করার তৎপরতার অংশ বলে দাবি করে আসছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "সিঙ্গাপুরের একটি ব্যাংকের ওই হিসাবটিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩০ লাখ মার্কিন ডলার জমা রাখা হয়েছে- যুক্তরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের এরকম সন্দেহ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি বলেন, "হিসাবটির স্বত্ত্বাধিকারী ইচ্ছে করলে এর বিরুদ্ধে আপিলও করতে পারেন এবং ওই অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত নয় দাবি করে এর স্বপক্ষে যুক্তিও উপস্থাপন করতে পারেন।"
তবে এর সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেন এই কূটনীতিক।
ইতোমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি প্রতিনিধিদল ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে এ ব্যাপারে তদন্তে সহায়তা চেয়েছে।
এদিকে, নতুন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলকান অঞ্চলের মুসলিম প্রধান নবীণ রাষ্ট্র কসভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি গাজা সঙ্কট নিরসনে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৪৯ঘ.
bdnews24