২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

নির্বাচনী প্রচারণার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সামসুল আলম প্রধান বুধবার সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 07:00 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

গাজীপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সামসুল আলম প্রধান বুধবার সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সমর্থকরা এ হামলার জন্য চেয়ারম্যান পদের অপর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের সমর্থকদের দায়ী করেছে। অবশ্য আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করেছেন। সামসুল আলম প্রধানের গাড়ি বহরে থাকা স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, "নির্বাচনী প্রচারণায় এমসি বাজার থেকে টেংরা এলাকায় যাওয়ার সময় রাত ৮টার দিকে সাইটালিয়া এলাকায় ১৫/১৬ জন সন্ত্রাসী গাড়ি থামিয়ে সামসুল আলমকে রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে তারা গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। কিন্তু অন্য গাড়িগুলো এসে পড়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।" সামসুল আলম প্রধানের ভাইপো সোহেল অভিযোগ করেন, তার চাচাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। প্রতিপক্ষ আব্দুল জলিলের লোকজন গত কয়েকদিন ধরে তাকে প্রচারণা বন্ধের জন্য চাপ দিচ্ছিল বলেও দাবি করেন সোহেল। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি ডাকাতির ঘটনা।" শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কাদের বলেন, "সামসুল আলম প্রধানের গাড়ির চালক মতলবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।" খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক মো. বোরহান উদ্দিন ভূঞা ও পুলিশ সুপার আব্দুল বাতেন শ্রীপুর থানায় যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪৫ ঘ.