ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিভিন্ন সীমান্তবর্তী নদীর ভাঙনের শিকার জমি উদ্ধারে সরকার উদ্যোগ নিচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব জমি উদ্ধারে কূটনৈতিক তৎপরতা শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হচ্ছে।
নবনিযুক্ত ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা বুধবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি জাতীয় দৈনিক ও একটি বেসরকারি টেলিভিশনের কাছে এ কথা বলেন।
রেজাউল করিম জানান, বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী নদীর তীর ভেঙে প্রায় ৩০ হাজার একর জমি নদীর ওপারে জেগে উঠেছে। এসব জমি উদ্ধারে সরকার শিগগিরই উদ্যোগ নেবে।
তবে জমি উদ্ধারের আগে দু'দেশের মধ্যে সে সব স্থানে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, "কূটনৈতিক তৎপরতা চালিয়ে ভূমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।"
নিজের অগ্রাধিকার সম্পর্কে মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থায় দুর্নীতি ও অনিয়ম দূর করা, ভূমির প্রকৃত মালিকানা নিশ্চিত করা, খাস ও জলা জমি, অর্পিত সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং ভূমি সংক্রান্ত পুরোনো আইনগুলো সংস্কার করে তা আধুনিক করা।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী শিগগিরই ভূমি সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। তবে মন্ত্রণালয়ের কাজগুলো বুঝে উঠতে 'বেশ সময় লাগছে' বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরো জানান, কোন প্রকার অনিয়ম ও অনাচার সহ্য করা হবে না বলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে।
বিতর্কিত অর্পিত সম্পত্তির বিষয়ে সরকারের ভবিষ্যত করণীয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশটি সংসদে সংশোধিত আকারে অনুমোদন করা হবে।
রাজনৈতিকভাবে ভূমি দখলের সংস্কৃতি বন্ধে কি ধরণের পদক্ষেপ নেওয়া হবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত দিনে দখল হওয়া সম্পত্তি উদ্ধারে সরকার ব্যবস্থা নেবে। এ সরকারের সময়ে কোন প্রকার ভূমি দস্যুতা সহ্য করা হবে না। কঠোরভাবে তাদের আইনের আওতায় আনা হবে।
কোন আবাসন কোম্পানি সরকারি জমি দখল করে থাকলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তা উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৫৩ঘ.
bdnews24