ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
এ মামলায় বিচারিক আদালতে ১৩ বছর সাজাপ্রাপ্ত এই বিএনপি নেতার সাজার আদেশও একই সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
এছাড়া সাজার আদেশ কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি নির্দেশ দিযেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চে আত্মসমর্পণ করে শাহজাহান ওমর জামিন আবেদন জানালে আদালত এ আদেশ দেয়।
গত বছর ১৪ মে সংসদ ভবনের বিশেষ জজ আদালত সাবেক আইন প্রতিমন্ত্রীকে ১৩ বছর কারাদণ্ড দেয়। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এজে/এমআই/১৬০০ ঘ.
bdnews24