মানিহগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মঙ্গলবার রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দৌলতদিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক অর্পন কুমার চন্দ রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচণ্ড কুয়াশার কারণে রাত ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আরেকদফা ফেরি বন্ধ ছিল। এ কারণে উভয় পাড়ে ছিল তীব্র যানজট। দিনে ফেরি চলাচল করায় যানজট কিছুটা কমে। কিন্তু রাতে বন্ধ হয়ে যাওয়ার পর তা আবারও বাড়তে শুরু করে।
আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোর রাত ৪টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাত ঘণ্টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টায় পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কাওড়াকান্দি ঘাট ইন-চার্জ আলিমুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার মধ্যরাত থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। সে জন্য মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।"
এ সময় কাওড়াকান্দি ঘাটে ফেরি 'রানীগঞ্জ' ও মাওয়া ঘাটে রো রো ফেরি 'এনায়েতপুরি', 'শাহ জালাল', কে-টাইপ ফেরি 'টাপলো', 'রায়পুরা' যানবাহন বোঝাই করেও আটকে পড়ে বলে তিনি জানান।
এছাড়াও পদ্মাবক্ষে নোঙর করতে বাধ্য হয় 'ল্যান্টিং' ও 'থোবাল' নামের দুটি ফেরি।
আলিমুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিক ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বিকেল ৫টার পর থেকে আবারও ঘন কুয়াশা পড়ায় সন্ধ্যায় আর কোনো ফেরি ছাড়া হয়নি। তবে অবস্থার উন্নতি হওয়ায় রাত ৮টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
যানজট খুব বেশি নেই বলে উল্লেখ করে তিনি বলেন, "ফেরি চলাচল অব্যাহত থাকলে কিছুক্ষণের মধ্যে যানজটও কেটে যাবে।"
আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে ৯টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
বিকেলে আবার ফেরি বন্ধ হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবহাওয়ার কারণে হয়তো ফেরি 'বিলম্বিত' হতে পারে। কিন্তু চলাচল বন্ধ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/এসকে/২৩৩৮ঘ.
bdnews24