ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির পথে। খুব শিগগিরই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
জিল্লুর রহমানকে গত শনিবার দুপুরে শারীরিক দুর্বলতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে স্কয়ার হাসপাতালের চিকিৎসক সরোয়ার-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিল্লুর রহমান সাহেবের অবস্থা উন্নতির দিকে। তার বুকের জমাট বাধা কফ পরিস্কার করার জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হচ্ছে। আশা করছি খুব শিগগিরই তিনি মুখে ওষুধ খেতে পারবেন।"
মুখে ওষুধ খাওয়া শুরু করতে পারলেই জিল্লুর রহমান বাসায় ফিরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন সরোয়ার-ই-আলম।
জেনারেল ম্যানেজার জন গোমেজও জানান, তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অনেকেই রোববার এই বর্ষীয়ান নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পক্ষ থেকে রোববার জিল্লুরকে দেখতে হাসপাতালে যান তার দুই প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এই প্রবীণ নেতাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি করার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এএল/এসকে/২২২৭ঘ.
bdnews24