কুড়িগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম পৌর এলাকার বীর প্রতীক তারামন বিবি সড়কে রোববার সকালে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, সদর উপজেলার যাত্রাপুর হাটের গরু ও কাপড় ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) সকাল ৬টার দিকে মটরসাইকেলে কুড়িগ্রাম শহরে আসছিলেন। ধরলা সেতুর পশ্চিম পাড়ে তারামন বিবি সড়কের নির্জন স্থানে পৌছালে মহির উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ী একজন সঙ্গীসহ মটরসাইকেল এসে আব্দুল জলিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি মটরসাইকেল থেকে পড়ে গেলে ব্যাগ ভর্তি ১৪ লাখ টাকা নিয়ে ওই দু'জন পালিয়ে যায়।
তিনি বলেন, "আব্দুল জলিল ছিনতাইকারীদের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
মহির উদ্দিনের বাড়ি সদর উপজেলার জিগাবাড়ী গড়ের পাড় এলাকায়। তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ব্যবসায়ী আব্দুল জলিলের বাড়ি কুড়িগ্রাম শহরের হরিকেশ এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24