২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারের টাকায় সুশীল বাগদীর নির্বাচন

বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আদিবাসী নেতা সুশীল বাগদী ভোটারদের দেওয়া টাকায় নির্বাচন করছেন বলে দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

বাগেরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আদিবাসী নেতা সুশীল বাগদী ভোটারদের দেওয়া টাকায় নির্বাচন করছেন বলে দাবি করেছেন। আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুশীল বলেন, "আমার টাকা পয়সা নেই। কেউ আমার পোস্টার ছেপে দিয়েছেন, কেউ নিজ খরচায় মাইকিং করে দিচ্ছেন। আমি স্বল্প শিক্ষিত। মানুষের প্রেরণায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।" চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৪০ বছর বয়সী সুশীল। নির্বাচনী ব্যয় মেটাতে সমাজের নানা স্তরের মানুষের শরণাপন্ন হচ্ছেন বলে তিনি জানান। পেশায় কৃষক সুশীল বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের কাছেও সহযোগিতা চেয়েছেন। তার আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। সুশীলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বাগেরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী গৌরাঙ্গ সাহা। তিনি বলেন, "অন্য প্রার্থীরা যেখানে অনেক টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেখানে টাকার অভাবে সুশীল কিছুই করতে পারছেন না। তাকে আমার কাছে সৎ ও সজ্জন বলে মনে হয়েছে। তাই আমি তার পক্ষে প্রচারণা চালাচ্ছি।" অন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সুশীলের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছেন বলেও জানিয়েছেন গৌরাঙ্গ। সুশীল বাগদী বাগেরহাট সদর উপজেলার রাখালগাঁছি ইউনিয়নের রাখালগাঁছি গ্রামের বাসিন্দা। বাগেরহাট সদর উপজেলার রাখালগাঁছি ও খানপুর ইউনিয়নসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী বাগদী সম্পদায়ের অধিকার আদায়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.