২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কথিত সাত অপহরণকারী পুলিশ রিমান্ডে

চট্টগ্রামের দুই রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে আটক সাত যুবককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার সকালে তাদের মহানগর হাকিম কিরণ চন্দ্র রায়ের আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের দুই রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে আটক সাত যুবককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার সকালে তাদের মহানগর হাকিম কিরণ চন্দ্র রায়ের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আজিজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে অপহৃত দুই ব্যবসায়ী আরএফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও পরিচালক আবু জাফরের ১৬৪ ধারায় জবানবন্দিও রেকর্ড করা হয় বলে তিনি জানান। দেলোয়ার ও আবু জাফরের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে নগরীর নাছিরাবাদ এলাকায় আরএফ প্রপার্টিজের কার্যালয় থেকে সাত যুবক তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায়। সেদিন রাতেই পুলিশ কুমিল্লার দাউদকান্দি থেকে সাত সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার এবং দুই ব্যবসায়ীকে উদ্ধার করে। আটককৃতরা দাবি করেছেন, তাদের পাওনা টাকা দেওয়ার জন্য ওই ব্যবসায়ীরা স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। রিমান্ডে আনা আসামিরা হলেন- ডা. জাহাঙ্গীর নাজিম (৩১), মোহাম্মদ নুরন্নবী (২৫), সাফায়েত জাহান (৩২), মোহাম্মদ শরীফ (৩২), মোহাম্মদ সোহেল (৩২), মিরাজুল ইসলাম ওরফে মিরু (৩০) ও দেওয়ান কৌশিক আহমেদ নাদিম (৩০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৪৩ঘ.