ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ভয়ভীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "কোন ব্যক্তি বা দল নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
২২ জানুয়ারি উপজেলা নির্বাচন সামনে রেখে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার এ কথা বলেন ।
তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করতে হবে। কোন কেন্দ্রে বিশৃঙ্খলা বা গণ্ডগোল হলে সে কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখতে হবে।"
সাখাওয়াত বলেন, "নির্বাচন কমিশন দেশে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করেছে। নির্বাচনে কোন পক্ষপাতিত্ব হলে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জেলা প্রশাসক মো. আব্দুল হাই'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার , অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, সেনা কর্মকর্তা মেজর আরিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৬ ঘ.
bdnews24