কুমিল্লা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাথিয়াপাড়া এলাকায় শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
এরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ভলইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাচ্চু (৬০) এবং আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন (৫৫) ও অটোরিকশা চালক সালাউদ্দিন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৬টার দিকে মহাসড়কের মাথিয়াপাড়া এলাকায় গ্রীন লাইন সার্ভিসের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ওসি জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লা পৌরসভা যুবদল সভাপতি মিজানুর রহমান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা নিয়ে নুরুল আমিন ও নুরুল ইসলাম বাচ্চু নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24