২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি

রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংসদ সদস্যদের ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে আনুষঙ্গিক কাজ শুরু করেছে নির্বাচন কমিশন সচিবালয় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংসদ সদস্যদের ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে আনুষঙ্গিক কাজ শুরু করেছে নির্বাচন কমিশন সচিবালয় । নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হওয়ায় প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এছাড়া সাধারণ নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন সম্পন্ন করতে হবে। মিহির সারওয়ার মোর্শেদ জানান, সময় বাঁচাতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 'রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে' ইসি প্রয়োজনীয় কাজগুলো আগেই শেষ করে রাখতে চায়। রাষ্ট্রপতি প্রার্থী একাধিক হলে সাংসদদের ভোট দিতে হবে। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের পর সেবছরই সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের একমাত্র নজিরটি স্থাপিত হয়। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ওই নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস বিজয়ী হন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে পরাজিত হন। এরপর আর কখনো কেউ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হননি। ১৯৯৬ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এবং ২০০১ সালের নির্বাচনের পর প্রথম দফায় ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং পরে অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করার ঘোষণা এসেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান জানান, বাকি সংসদ সদস্যদের শপথ শেষ হলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করা যাবে। এর আগে নির্বাচন কমিশন এ নির্বাচনের মনোনয়ন ফরম মুদ্রণ এবং মনোনয়ন ফরমের সঙ্গে ৮ দফা তথ্য সম্বলিত হলফনামাসহ আনুষঙ্গিক কার্যক্রম পর্যালোচনা করছে। এছাড়া মহিলা আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জোটওয়ারি পৃথক পৃথক ভোটার তালিকাও প্রস্তুত করতে হবে। মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণের স্থান-তারিখ উল্লেখ করে তফসিলও ঘোষণা করতে হবে। চারদলীয় জোটের ৩২ জন নির্বাচিত সংসদ সদস্য এখনও শপথ নেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৪৪ঘ.