২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে গ্রেপ্তার নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি

অনিয়মের অভিযোগে কুড়িগ্রামে গ্রেপ্তার সংসদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কাশেম সরকারকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে বুধবার অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে কুড়িগ্রামে গ্রেপ্তার সংসদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কাশেম সরকারকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে বুধবার অব্যাহতি দেওয়া হয়েছে। কাশেম সরকারের বিষয় তদন্তে গঠিত কমিটি অভিযোগের কোনও সত্যতা না পেয়ে তাকে অব্যাহতি দেয়। এর আগে গত রোববার আদালতও অভিযোগ থেকে কাশেমকে খালাস দিয়েছিল। পরে ছাড়া পান তিনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের মুড়ি বই ও অব্যবহৃত ব্যালট পেপার 'ইলেকশন ব্যাগে' ঢুকিয়ে নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় গত ৩১ ডিসেম্বর ফুলবাড়ির একটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কাশেমকে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর প্রশাসনও একটি তদন্ত কমিটি করে। কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরওয়ার জাহান। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, "ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পোলিং এজেন্ট, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তদন্ত হয়। এতে আবুল কাশেমের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অনিয়মের অভিযোগের কোনও সত্যতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" সরওঢয়ার জাহান বলেন, "উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নয় জনের লিখিত জবানবন্দিতে ও উপস্থিত সবাই ওই কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে জানান। ভোট গণনা শেষ হলে বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে বাকি কাজ করার সময় আলো স্বল্পতার কারণে ভুলক্রমে মুড়ি বই ও অব্যবহৃত ব্যালট পেপার ইলেকশন ব্যাগে ঢোকানো হয়নি বলে তদন্তে জানা যায়।" গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে গোরক মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন শাহবাজার দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল কাশেম। নির্বাচন শেষে ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল ইলেকশন ব্যাগে ভরে সিলগালা করে তিনি জমা দিলেও ব্যবহৃত ব্যালট পেপারের কয়েকটি মুড়ি বই ও অব্যবহৃত ব্যালট পেপার জমা পড়েনি। এগুলো প্যাকেটে সিলগালা করা অবস্থায় স্কুল কক্ষে পাওয়া যায়। ৩১ ডিসেম্বর এগুলো পেয়ে আবুল কাশেম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১০০ ঘ.