ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্ট বুধবার বিদেশি পাঁচ ব্রান্ডের গুঁড়োদুধ ডানো, রেড কাউ, ডিপ্লোমা, নিডো এবং অ্যানলিন বিক্রি ও প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএসটিআই ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের দাখিল করা প্রতিবেদনে এই ৫ ব্রান্ডের গুঁড়োদুধে মেলামিন পাওয়া যায়নি উল্লেখ থাকায় আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই আদেশ দেয়।
বাজারের অন্য ২৮টি ব্রান্ডের গুঁড়োদুধের মেলামিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএসটিআই ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের মাধ্যমে পরীক্ষা করে আগামী ৬ সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
আদেশের পর নিডোর কৌঁসুলী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আদেশের পর নিডোসহ ৫ ব্রান্ডের গুঁড়োদুধ এখন বাজারে বিক্রি ও প্রদর্শন করার কোন বাধা থাকল না।"
সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বলেন, "যেহেতু ৫ ব্রান্ডের গুঁড়োদুধে মেলামিন পাওয়া যায়নি তাই গত ২৩ অক্টোবর এগুলো বিক্রি ও প্রদর্শনের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট তা প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া বাজারের অপর ব্রান্ডগুলোকে পরীক্ষা করে ৬ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।"
ডানোর কৌঁসুলী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, "এই ৫ ব্রান্ড মেলামিনমুক্ত। এগুলো বিক্রি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে হাইকোর্ট।"
নিডোর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, রেড কাউর পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ডানোর পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম হাইকোর্টে শুনানি করেন।
শুনানিতে তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএসটিআই ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের দাখিল করা প্রতিবেদনে এই ৫টি ব্রান্ডের গুঁড়োদুধে মেলামিন নেই উল্লেখ করা হয়েছে। তারা ৫ ব্রান্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আবেদন জানান।
শুনানিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "এই ৫ ব্রান্ডের গুঁড়োদুধ বিক্রি করতে দেওয়ার হাইকোর্টের আদেশ সাময়িক সময়ের জন্য বাড়িয়ে দেওয়া যেতে পারে।"
তবে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের বিরোধিতা করেন এবং এ নিয়ে করা রিটটির চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করে বিষয়টি সুরাহা করার আবেদন জানান।
গত ২৩ অক্টোবর হাইকোর্ট পরীক্ষার জন্য থাইল্যান্ডে পাঠানো ডিপ্লোমা, রেড কাউ, ডানো, লাসি-১, লাসি-২, সুইট বেবি, নিডো ও অ্যানলিন এর বিক্রি ও প্রদর্শন বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন।
এরপর গত ১০ নভেম্বর হাইকোর্ট ২১ দিনের জন্য ডিপ্লোমা, রেড কাউ, ডানো, নিডো ও অ্যানলিন এই ৫ ব্রান্ডের গুঁড়োদুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল।
পরে গত ১৭ নভেম্বর আপিল বিভাগ ৩ জানুয়ারি পর্যন্ত গুঁড়োদুধ দুধ বিক্রির অনুমতি দিয়েছিল।
একই আদেশে সুপ্রিম কোর্ট ডিপ্লোমা, রেড কাউ, ডানো, নিডো ও অ্যানলিন এই ৫ টি ব্রান্ডের গুঁড়োদুধের মেলামিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশি কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১৪৩৫ ঘ.
bdnews24