২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়োদুধে মেলামিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন হাইকোর্টে

গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে জমা দিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে আদালত আদেশ দেবেন। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এই রিপোর্টের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদেশের এই দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে জমা দিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে আদালত আদেশ দেবেন। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এই রিপোর্টের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদেশের এই দিন ধার্য করেন। সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই প্রতিবেদন আদালতে দাখিল করে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জার্মানীর হামবুর্গের একটি ল্যাবরেটরির প্রতিবেদন, বিএসটিআই ও বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিবেদন আদালতে জমা না দিয়ে এক মাসের সময় চেয়েছে। তবে বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠিয়ে দেয়। এই রিপোর্টে ডিপ্লোমা, নিডোসহ ৫টি ব্র্যান্ডের গুঁড়োদুধে মেলামিন নেই বলে উল্লেখ করা হয়েছে। নিডোর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, রেডকাউ এর পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ডানোর পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম হাইকোর্টে শুনানি করেন। তারা শুনানিতে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দাখিল করা সব রিপোর্টে এই ৫ টি ব্র্যান্ডের গুঁড়ো দুধে মেলামিনের পরিমাণ ক্ষতিকর মাত্রার অনেক নিচে। তারা ৫ ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিক্রির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহারের আবেদন জানান। রিটকারী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, আদালতে সকল রিপোর্ট এখনও জমা দেওয়া হয়নি। জমা দেওয়া রিপোর্টে দেখা যায় এই ৫ টি ব্র্যান্ডের দুধে কিছু পরিমাণ মেলামিন আছে। তবে তা কতটুকু ক্ষতিকর তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। গত ১০ নভেম্বর হাইকোর্ট ২১ দিনের জন্য ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন এই ৫ টি দুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। পরে গত ১৭ নভেম্বর আপিল বিভাগ ৩ জানুয়ারি পর্যন্ত ওইসব গুঁড়ো দুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। একই আদেশে সুপ্রিম কোর্ট গত ১৭ নভেম্বর ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন এই ৫ টি ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশী কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল। গত ২৩ অক্টোবর হাইকোর্ট পরীক্ষার জন্য থাইল্যান্ডে পাঠানো ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি, নিডো ও এনলিন এর বিক্রি ও প্রদর্শন বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/০০১২ঘ.