২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে নওগাঁ পিডিবি'র প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নওগাঁর আত্রাই উপজেলার বাউল্লা গ্রামে ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলী এবাদুল হকসহ চারজনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

নওগাঁ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলার বাউল্লা গ্রামে ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলী এবাদুল হকসহ চারজনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয়েছে। সোমবার সকালে রানীনগর উপজেলার ঘোষগ্রামের আজিমদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪২) এবং আত্রাই উপজেলার বাউল্লা গ্রামের মোবারকের ছেলে সামছুল আলমকে (৪৩) বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ আটকের পর ঘটনা ফাঁস হয়ে যায়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রকৌশলী ও ঠিকাদার পরিচয়দারকারী একব্যক্তিসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। প্রকৌশলী এবাদুল হক এবং ঠিকাদার পরিচয়দানকারী মোশারফ হোসেন পালিয়ে গেছেন। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১১টায় রানীনগর থানার মোড় পাকা রাস্তা থেকে পিডিবির বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ রেজাউল ইসলাম ও সামছুল আলমকে আটক করা হয়। আটকৃতদের বরাত দিয়ে ওসি জানান, আত্রাইয়ের বাউল্লা গ্রামে এবং সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য পিডিবির আবাসিক প্রকৌশলী এবাদুল হক ও মোশারফ হোসেনের সঙ্গে রেজাউল ও সামছুলের ১০ লাখ টাকার চুক্তি হয়। কয়েক দফায় তারা সাড়ে নয় লাখ টাকা দেন। এর পরিপ্রেক্ষিতে মোশারফ হোসেন বগুড়া থেকে ইতোমধ্যে ১৬টি ইস্পাতের খুঁটি এবং তারসহ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম তাদের কাছে পাঠান। সোমবার সকালে রেজাউল ও সামছুল আরও তার এবং সরঞ্জাম নিয়ে বগুড়া থেকে বাড়ি ফেরার সময় পুলিশ মালসহ তাদের আটক করে। তাদের কাছ থেকে আটক করা সরঞ্জামের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানান ওসি তোফাজ্জেল হোসেন। তিনি আরও জানান, নওগাঁ ও বগুড়ার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে এমন কোনো প্রকল্প নেই বলে পুলিশকে জানানো হয়। বগুড়া অফিস থেকে কোনো তার বা সরঞ্জাম পাঠানো হয়নি বলেও জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.