ঝিনাইদহ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের চুটলিয়া এলাকা থেকে রোববার রাতে সাড়ে ৩৬৫ বস্তা চালসহ একটি ট্রাক (নম্বর চট্ট০মেট্রো-১১-০৫১৮) ছিনতাই হয়েছে।
ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ট্রাক চালক কাওসার আলী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ট্রাক চালক ও তার সহকারীর বরাত দিয়ে ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ট্রাকটি রংপুর থেকে ৩৬৫ বস্তা চাল নিয়ে ঝালকাঠির রাজাপুর যাচ্ছিল। রাত সোয়া ১২ টায় ঝিনাইদহ-যশোর সড়কের চুটলিয়াতে পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত নীল রংয়ের একটি পিকআপ দিয়ে ব্যারিকেড দেয়।
এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ট্রাকের চালক কাওসার আলী আহত হন। ডাকাতেরা চালক ও তার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়। সকালে আশপামের গ্রামের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24