চাঁদপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে রোববার ভোররাতে আগুনে ৮০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে বাজারে আগুন লাগে বলে দমকল বাহিনীর কচুয়া স্টেশনের কর্মকর্তা কবির হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুনের ভয়াবহতা বেশি থাকায় হাজীগঞ্জ ফায়ার স্টেশন থেকেও কয়েকটি গাড়ি আনা হয়। চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।"
অগ্নিকাণ্ডে ৮০টি দোকান পুরোপুরি পুড়ে গেছে বলে কবির হোসেন জানান।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে ব্যবসায়ীরা বলছেন, এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে চালের আড়ত, মুদি দোকান, জুতার দোকান, হার্ডওয়্যারের দোকান, টেইলার্স, টেলিফোনের দোকান, কাপড়ের দোকান, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে কবির হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24