২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনগুলো ঠিক সময়ে হবে, আশা উপদেষ্টা ইকবালের

স্থানীয় সরকার নির্বাচনগুলো পরবর্তী সরকারের অধীনে ঠিক সময়েই হবে বলে আশা করছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেছেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে যেসব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন গত দুই বছরে করা সম্ভব হয়নি, আশা করছি পরবর্তী সরকার তা অনুষ্ঠানে সহায়তা করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 08:18 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনগুলো পরবর্তী সরকারের অধীনে ঠিক সময়েই হবে বলে আশা করছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

তিনি বলেছেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে যেসব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন গত দুই বছরে করা সম্ভব হয়নি, আশা করছি পরবর্তী সরকার তা অনুষ্ঠানে সহায়তা করবে।"

সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

সাবেক পুলিশ প্রধান আনোয়ারুল ইকবাল স্থানীয় সরকারের পাশাপাশি এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। র‌্যাবের প্রথম মহাপরিচালকও ছিলেন তিনি।

সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বিদায়ী বৈঠক হয়। উপদেষ্টারা ইতোমধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠক করেছেন।

উপদেষ্টা ইকবাল বলেন, "উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্য নির্বাচনগুলোর তফসিলও নির্বাচন কমিশন ঘোষণা করবে। আশা করছি, পরবর্তী সরকার প্রয়োজনীয় সহায়তা করবে।"

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গত বছরের আগস্টে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচন হয়। ঢাকা সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচনের চেষ্টা থাকলেও তা হয়নি। উপজেলা নির্বাচন অবশ্য ২২ জানুয়ারি হচ্ছে।

উপজেলাসহ অন্যান্য নির্বাচন নিয়ে কোনও ধরনের সংশয় না করে আনোয়ারুল ইকবাল বলেন, "যে সরকার আসছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা আশা করি, তারা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। কারণ তারা জানেন, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মী এবং সাধারণ মানুষ কী চায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৪১১ ঘ.