ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সরকারের মন্ত্রীসভার শপথ নিতে আরো ৪৮ ঘণ্টা বাকি থাকলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বাজছে বিদায়ের সুর। দুইজন উপদেষ্টা রোববারই নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে বিদায় নিয়েছেন।
আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের নতুন সরকার শপথ নেবে।
যোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের রোববারই তার অধীনস্থ দুটি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের কাছে থেকে বিদায় নেন। এ উপলক্ষে দুই মন্ত্রণালয়ে আলাদা অনুষ্ঠান হয়। গণপূর্ত সচিব এএসএম রাশিদুল হাই ও যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের অনুষ্ঠানে গোলাম কাদের বলেন, "রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের সামনে রাষ্ট্র ও সরকারের স্বার্থ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রের স্বার্থের কথা বিবেচনায় রেখেই কাজ করতে হবে।"
২৯ ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে যোগাযোগ উপদেষ্টা বলেন, "নির্বাচন নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত একটি মহল থেকে নির্বাচন বানচাল বা ভণ্ডুল করার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা তা হতে দিইনি। ..এমন একটি নির্বাচন আমরা করেছি, যা বিশ্বের কাছে মডেল হয়ে থাকবে।"
বিকেলে আইন, ধর্ম ও ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বলে কর্মকর্তারা জানান।
বাণিজ্য উপদেষ্টাকে এফবিসিসিআইয়ের বিদায়
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রোববার বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আনিসুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে সচিব সাংবাদিকদের বলেন, এফবিসিসিআই প্রতিনিধি দল উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে বিদায় জানাতে এসেছিল। অনুষ্ঠানে তারা বাণিজ্য উপদেষ্টা হিসেবে তার এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় তাকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "তাদের জানিয়েছি যে আমরা আমাদের কাজগুলো গুছিয়ে এনেছি। আগামীতে যাতে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা আরো বৃদ্ধি পায়, সেজন্য কাজ করার পরামর্শ দিয়েছি। একইসঙ্গে বলেছি, সঙ্কটময় মুহূর্তে ব্যবসায়ী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।"
নতুন সরকার কীভাবে নিত্যপণ্যের মূল্য কমাতে পারে- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। নতুন সরকারই এ ব্যাপারে কর্মপরিকল্পনা তৈরি করবে। আমরা মন্ত্রণালয় পর্যায়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি। এ পরিকল্পনাটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছেই রয়েছে। তারা ইচ্ছা করলেই এগুলো কাজে লাগাতে পারবেন।"
আগামী মঙ্গলবারও মন্ত্রণালয়ের নিয়মিত কাজ করবেন বলে সাংবাদিকদের জানান হোসেন জিল্লুর রহমান ।
কর্মকর্তারা জানান, অন্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা সোমবার ও মঙ্গলবার নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/জেকে/এসকে/
bdnews24