ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ওই অনুষ্ঠান হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "নতুন সরকারের শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি আমরা চূড়ান্ত করেছি। ওই অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার জনকে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।"
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন। শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনের দরবার হলে।
সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধান উপদেষ্টা, স্পিকার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দুই জন করে প্রতিনিধি অতিথির তালিকায় স্থান পেয়েছেন।
জামায়াতে ইসলামীর কাউকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব তা এড়িয়ে গিয়ে বলেন, "অতীত রীতি-নীতি পর্যালোচনা করেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।"
সেক্টর কমান্ডারস ফোরামসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের করা একাত্তরের যুদ্ধাপরাধীদের তালিকায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম রয়েছে।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর দাবিও করে আসছে সংগঠনগুলো। একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও রয়েছে।
প্রধানমন্ত্রীসহ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিসভার সদস্যদের তালিকা রোববার দুপুর পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে আসেনি বলে আব্দুল আজিজ জানান।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারাই সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভায় মিত্র দলগুলোকেও স্থান দেওয়া হবে।
নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়েছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সব মিলিয়ে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। মহাজোটের সাংসদরা শনিবার শপথ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব রোববার সচিব কমিটির একটি সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রশাসনের সাতটি বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। তবে এনিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫০ ঘ.
bdnews24