ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, সাতক্ষীরা, মৌলভীবাজার, ঝিনাইদহ ও নওগাঁ জেলায় শুক্রবার রাতে ১১ বাড়িতে ডাকাতি হয়েছে।
এর মধ্যে বাগেরহাটে দু'টি, সাতক্ষীরায় একটি, মৌলভীবাজারে একটি, ঝিনাইদহে পাঁচটি এবং নওগাঁয় দু'টি বাড়িতে ডাকাতি হয়।
সাতক্ষীরায় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে একজন নিহত হয়েছেন। সব জেলা মিলে মোট আহত হয়েছেন চারজন।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ-
বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার ঘোলা গ্রামে শুক্রবার রাতে নওশের আলী ও ফরিদ উদ্দিন আহমেদ নামের দু'জনের বাড়িতে ডাকাতি হয়।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ফরিদ উদ্দিন আহমেদের স্ত্রী শামীমা সুলতানা ও ছেলে ফয়সাল আহমেদ।
শামীমা সুলতানাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং ফয়সাল আহমেদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদ উদ্দিন আহমেদ এবং নওশের আলী জানান, গভীর রাতে ৮/১০ জনের ডাকাতের একটি সশস্ত্র দল সেনাবাহিনী পরিচয় দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলে তাদের ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তারা নগদ ১৩ হাজার টাকা, দুটি মোবাইল সেট ও কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্রাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হতে পারে।"
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে শুক্রবার রাতে নিতাইপদ ঘোষ নামের একজনের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকতদের ছোড়া বোমার আঘাতে মারা গেছে একজন।
নিহত ব্যক্তি হলেন নিতাইপদ ঘোষের প্রতিবেশী অমূল্য ঘোষের ছেলে গুরুচরণ ঘোষ (৫০)। গৃহকর্তা নিতাইপদ মারাত্মক আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদের বেগ জানান, গভীর রাতে বিডিআরের পোশাক ও পরিচয় নিয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল রঘুনাথপুর গ্রামের নিতাইপদ ঘোষের বাড়িতে যায়। ঘরে তল্লাশির কথা বলে নিতাইকে ডেকে তোলে তারা। দরজা খোলার পর ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।
এ সময় বাড়ির লোকজন ডাকাত বলে ডাক চিৎকার কররে প্রতিবেশীরা ছুটে আসে। ডাকাতরা তাদের লক্ষ্য করে ছয়টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে গুরুচরণ ঘোষ মারা যান এবং নিতাইপদ আহত হন।
এ ঘটনায় সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে বরকতুল্লা বকুল এবং ছাতিয়ানতলা গ্রামের সুরত আলীর ছেলে আরশাফ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ মহলাল গ্রামে শুক্রবার রাতে আজাদ মিয়া নামের এক দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
আজাদ মিয়া জানান, রাত ২টার দিকে ১৫/১৬ জনের ডাকাতের একটি দল তার বাড়ি ঘেরাও করে নৈশ প্রহরী রূপা মিয়াকে (৪০) গাছের সঙ্গে বাঁধে। এরপর চার পাঁচজন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে তার শোবার ঘরে ঢোকে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।
আজাদ মিয়া বলেন, "বাড়িতে আমি পাকা ঘর তুলছি। শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলেছিলাম। এছাড়া আরও এক লাখ টাকা ও স্ত্রীর ১২ ভরি স্বর্ণালংকার আলমারিতে রক্ষিত ছিল।"
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ঘটনার পরপরই খবর পেয়ে রাজনগর থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান এবং শনিবার সকালে মৌলভীবাজারের পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামে শুক্রবার রাতে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের বোমার আঘাতে রজব আলী নামে একজন আহত হয়েছেন।
তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৃষ্ণপদ নামের এক গৃহকর্তা জানান, গভীর রাতে ১৫/২০ জনের ডাকাত দল শ্যামল বিশ্বাস, সুনিল কুমার, মধু কুমার, সচিন্দ্র কুমার ও কৃষ্ণ পদের বাড়িতে ঢুকে বোমা ফাটিয়ে আতঙ্ক সুষ্টি করে। এরপর বাড়ির লোকদের ঘরের দরজা খুলে দিতে বলে। একে একে পাঁচটি ঘরে ঢুকে তারা নগদ এক লাখ ১০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য দামী মালমাল নিয়ে য়ায়।
ডাকাতির সময় পার্শ্ববর্তী তেঁতুলবাড়ি গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা তাদের লক্ষ করে দু'টি হাত বোমা ছোড়ে। এতে রজব আলী আহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামসুল হক জানান, পাঁচ বাড়ি নয় দু'টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার ঘোষগ্রামের ভবতোষ ও উত্তম নামের দু'জনের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরেরঢোকে। ভবতোষ ও উত্তমের কাছ থেকে তারা নগদ ২৫ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন সেট লুটে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
তোফাজ্জেল জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১০০ ঘ.
bdnews24