ঢাকা জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে নবম জাতীয় সংসদের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা।
তিনধাপে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের প্রথম ধাপেই শপথ নেন তিনি।
উপ-মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাবিবুর রহমান মোল্লাকে শপথ নেয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তাকে পৌনে ১টায় মুক্তি দিয়ে শপথ অনুষ্ঠান শেষে পৌনে ৭টায় কারাগারে ফিরিয়ে আনা হয়।"
হাবিবুর রহমান মোল্লা কারা অন্তরীণ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দুপুরে কারা কতৃপক্ষের একটি মাইক্রোবাসে করে তাকে সংসদ ভবনে নেয়া হয়। শপথ শেষে ওই মাইক্রোবাসে করেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ২০০৭ সালের নভেম্বর মাসে হাবিবুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/২০৩৫ ঘ.
bdnews24