কক্সবাজার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে শুক্রবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম নূর কালাম (৪৫)। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। বাড়ি টেকনাফের লেঙ্গুর বিল এলাকায়।
লেঙ্গুর বিলের একটি পানের বরজে নূর কালামকে হত্যা করা হয়।
নিহতের বোনের স্বামী আবুল আরব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালাম পানের বরজেই রাতে থাকতেন। রাত আড়াইটার দিকে বোরকা পরা দুই জন লোক এসে কালামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।"
পানের বরজে কালামের সঙ্গে আরেক জন লোকও ছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আবুল আরবের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24