সুনামগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক শহরের বিপণি বিতান তাহির প্লাজায় শুক্রবার রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, রাত সাড়ে ৮ টার দিকে তাহির প্লাজায় আগুন লাগে। ছাতক ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট দু'ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে বাটা শো রুম, প্রসাধনী ও কাপড়ের দোকানসহ ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২৩১০ ঘ.
bdnews24