ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে কারচুপির যে অভিযোগ বিএনপি এনেছে তাতে যদি সত্যতা থাকেও, নির্বাচনের ফলাফলে তা প্রভাব ফেলতে পারেনি বলে মনে করে জাতিসংঘ।
সংস্থাটির মহাসচিবের বিশেষ প্রতিনিধি দলের প্রধান ফ্রান্সিস ভেনড্রেল শুক্রবার বিদায়ী সংবাদ সম্মেলনে বলেন, "বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে তাতে হয়তো কিছু সত্যতা থাকতে পারে। কিন্তু এতে নির্বাচনের ফলাফলে তেমন কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় না।"
শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এ সংবাদ সম্মেলনে নির্বাচন 'অবাধ ও নিরপেক্ষ' হয়েছে বলে মন্তব্য করেন ভেনড্রেল।
২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের পর তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এ ফলাফল তার দলের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে দেশি-বিদেশি প্রায় সব পর্যবেক্ষক সংগঠনই বলেছে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির উচিত এসব অভিযোগ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো। অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান তিনি।
দেশের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংযমী হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ভেনড্রেল বলেন, "আমরা নির্বাচন পর্যবেক্ষণ করিনি। পর্যবেক্ষণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের জানিয়েছে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে।"
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি বলেন, "সংসদে খালেদা জিয়ার সঙ্গে কাজ করার জন্য তিনি (হাসিনা) উদ্যোগ নিচ্ছেন।"
শেখ হাসিনা বিরোধী দলের প্রতি সঠিক মনোভাব নিয়ে এগুচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নির্বাচন পর্যবেক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ এনেছেন, তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন ভেনড্রেল।
তিনি জানান, তার দল ফিরে গিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে।
এর আগে সকালে ধানন্ডির সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর ভেনড্রেল সাংবাদিকদের বলেন, নতুন সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সহায়তা চাইলে জাতিসংঘ বিষয়টি দেখবে।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিন বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে আওয়ামী লীগ সভানেত্রী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চান।
সন্ধ্যার সংবাদ সম্মেলনে ফ্রান্সিস ভেনড্রেলের সঙ্গে ছিলেন নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভোজরাজ পোখরেল ও জাতিসংঘ নির্বাচনী সহায়তা বিভাগের উপপরিচালক আরাসেলি সান্তানা।
গত নভেম্বরে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব বান কি মুন নির্বাচনের সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রতিশ্র"তি দেন। সে অনুযায়ী জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২০৩৪ ঘ.
bdnews24