গোপালগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওলামাদের পরামর্শে দেশ পরিচালনার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ।
মহাজোটের বিজয় উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওলামালীগের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন এ আহবান জানান।
সংগঠনের ভোলা, বাগেরহাট, বরিশালসহ ৫৪টি কমিটির দুই শতাধিক নেতা-কর্মীরা বাস, মাইক্রোবাস, ট্যাক্সি ও মোটর সাইকেল নিয়ে মাওলানা ইসমাইল হুসাইনের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আসেন। তারা কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে শোকরানা আদায় করেন।
পরে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ওলামালীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. শহিদুল্লাহ, মুফতি আশিকুল ইসলাম মিলন, মাওলানা শাহদাত হোসেন মিজান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মোস্তাফা চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24