আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া পরিত্যক্ত একটি ডোবার পাশে নবম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের ৩০০টি মুড়ি পাওয়া গেছে।
স্থানীয়দের কাছে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ মুড়িগুলো উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শুক্রবার) সকালে আক্কাছ আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী স্কুলের মাঠে খেলছিল। তাদের বল মাঠের পাশের আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ডোবায় পড়ে গেলে তা আনতে গিয়ে ইটের সুরকির নিচে মুড়িগুলো তারা দেখতে পায়।"
পুলিশ মুড়িগুলো জব্দ করেছে বলে মনির আহমেদ জানান। পুলিশ সুপার কৃষ্ণপদ রায়ও ঘটনাস্থলে যান।
নিয়ম অনুযায়ী, নির্বাচন শেষে ব্যালট পেপারের মুড়িগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল আলম নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ব্যালট পেপারের মুড়ি উদ্ধারের এ ঘটনাকে নির্বাচনে অনিয়মের উদাহরণ হিসেবে দেখছে বিএনপি।
চাঁদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপিকে নীল নকশার নির্বাচনের মাধ্যমে পরাজিত করা হয়েছে, এটিই তাই প্রমাণ করে।"
তবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী বলেন, "এটা একটি ষড়যন্ত্র হতে পারে। আর বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখছে।"
গত ২৯ ডিসেম্বর সারাদেশে ২৯৯টি আসনে একযোগে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভ করে। বিএনপির অভিযোগ, কারচুপির মাধ্যমে তাদের হারানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24